ওয়াজাহাতি জোড়ে অংশ নিতে ঢাকায় আল্লামা শাহ আহমদ শফী

ওমর ফারুক

আগামীকাল শনিবার মুহাম্মদপুরে তাবলিগের ওয়াজাহাতি জোড়ে অংশগ্রহণের উদ্দেশে ঢাকায় পৌঁছেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

শুক্রবার সকাল সাড়ে দশটায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে পৌনে বারটায় ঢাকার ফরিদাবাদ মাদরাসায় যান। বর্তমানে তিনি ফরিদাবাদ মাদরাসায় অবস্থান করছেন। ফাতেহ২৪ কে এ খবর নিশ্চিত করেছেন ওয়াজাহাতি জোড়ের আয়োজক কমিটির সদস্য মুফতী কেফায়েতুল্লাহ আজহারী।

আজ বিকালে ঢাকার একটি হাসপাতালে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শাহ শফীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার কথাও রয়েছে।

গত বৃহস্পতিবার মোহাম্মদপুর কবরস্থান জামে মসজিদে ‘ওয়াজাহাতি জোড় এন্তেজামিয়া কমিটি’র এক সভার মাধ্যমে আল্লামা আহমদ শফী জোড়ে অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

ইতোমধ্যেই জোড়ের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-উলামা ও তাবলিগের সাথীরা মুহাম্মদপুরে এসে অবস্থান নিচ্ছেন।

মুহাম্মদপুরের বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকার সাথীরা অবস্থান নেয়ার কথা রয়েছে। কোন এলাকার সাথীরা কোথায় অবস্থান নেবেন এ বিষয়ে এন্তেজামিয়া কমিটি একটি দিকনির্দেশনাও দিয়ে রেখেছেন সাথীদের।

আল্লামা আহমদ শফীসহ দেশের সব শ্রেণির আলেম-উলামা ও তাবলিগের সাথীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ জোড়ের মাধ্যমে তাবলিগের সাম্প্রতিক সংকট নিরসনের পথ খুলবে বলে জনমনে আশা জাগছে।

আগের সংবাদ৬ মাসে মালয়েশিয়ায় ৩৭৩ বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু
পরবর্তি সংবাদযে কারণে জিতলেন ইমরান খান