বেফাকের সিলেবাস থেকে স্থগিত হচ্ছে ‘দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান’ বইটি

দেওবন্দ-আবুল-ফাতাহ-ourislam

ফাতেহ২৪ ডটকমঃ

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিলেবাস থেকে মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর ‘দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান’ বইটি বাদ দেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

সম্প্রতি বেফাকের সিলেবাস কমিটির এক বৈঠকে উপস্থিত সদস্যের আলোচনার ভিত্তিতে বইটি সিলেবাস থেকে স্থগিতের প্রস্তাব প্রাথমিকভাবে গৃহিত হয়। সিলেবাস কমিটির এ বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস,মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নুর হোসাইন কাসেমী,মুফতি ফয়জুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শায়খ আহমদ, সহকারী মহাসচিব মুফতী নুরুল আমিন্‌,যাত্রাবাড়ী মাদ্রাসার মাওলানা আনোয়ারুল হক, মুফতী মিজানুর রহমান সাঈদ,মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

 

এ বিষয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান বইটিতে বেশি তথ্যগত ত্রুটি থাকায় স্থগিতের বিষয়ে আলোচনা হয় এবং প্রাথমিকভাবে স্থগিতের সিদ্ধান্তও হয়।

 

তিনি জানান, নতুন করে এ বিষয়ে একটি বই লেখা হচ্ছে এবং সেটি এখানে অন্তর্ভুক্ত হবে।

 

বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর বইটি স্থগিত করা হয়েছে। সেখানে উর্দু ভাষায় রচিত ‘তারিখে দারুল উলুম দেওবন্দ’কে সিলেবাসভুক্ত করার আলোচনা হয়েছে। বইটি স্থগিতের করার কারণ হিসেবে তিনি তথ্যগত কিছু আপত্তির কথা জানান।

 

দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান বইয়ের স্থলে কোন বইটি অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটি জানতে বেফাকের সহকারী মহাসচিব মাওলানা নুরুল আমিনকে ফোন করা হলে তিনি বলেন, আমি বৈঠকে উপস্থিত ছিলাম তবে বইটির নাম আমার মনে নেই।

 

মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. লিখিত ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ন’ বইটিও বেফাকের সিলেবাসভুক্ত। ইসলামি অর্থনীতি বিষয়ে তিনি প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ মে মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেন।

আগের সংবাদচট্টগ্রামে হেফাজতের ইফতার মাহফিলে নেতৃবৃন্দ, ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন
পরবর্তি সংবাদপারলেন না মোহাম্মদ সালাহ