
তুহিন খান
দেওবন্দ থেকে ফেরার পথে আটকের ঘটনা নতুন না। কয়েক বছর আগে, আমার এক সহপাঠীও আটক হইছিলো, পুলিশের মাইর খাইছিলো। এরকম প্রায়ই ঘটে বাঙলাদেশিদের সাথে।
প্রথম কথা হইলো, পুরাতন ঐতিহ্যের কথা বইলা এই ঝুঁকি নেয়া এবং ঝুঁকির মুখে কাউরে ঠেলে দেয়া ঠিক হবে কিনা। ভারতে বা দেওবন্দে পাঠানো নিয়া তো ব্যবসাও হয়, অনেকটা আদম ব্যবসার মতই, আমি নিজেই কয়েকটা ঘটনার সাক্ষী। দেওবন্দ ভারতের অংশ, এইটাই বাস্তবতা। দেওবন্দে বাঙলাদেশের ছাত্ররা অনেক আগে থেকে যায়, এর উপর ভিত্তি করে এখন আর বিনা ভিসায়, বা ছলচাতুরীমূলক সেখানে প্রবেশ করার ঝুঁকি নেওয়া চলে না। কারণ, যদি পুলিশ ধরেই ফ্যালে, কী বলবেন আপনি? আবহমান কালের কথা তো বলতে পারবেন না। আবহমান কাল ধরে বর্ডারের মানুশ ওপারের লোকেদের সাথে ব্যবসা করে, তাও তো বর্ডারে তারা খুন হয়। সেই কালে ভারত-বাঙলাদেশ একও ছিলো বটে। এই বাস্তবতা মাথায় রাইখা, উপরন্তু বিজেপির শাসনামলে এবং বিশ্ব রাজনীতির এই পরিস্থিতিতে, যারা দেওবন্দে অবৈধভাবে যান আর যারা পাঠান, এইসব ঘটনার দায়ভার কি নেবেন আপনারা! দেওবন্দ যাইতে নিষেধ করতেছি না, কিন্তু সরকারীভাবে দ্বিপাক্ষিক সুষ্ঠু একটা ফয়সালা করেন আগে। আজকে এই ৯ জন যে আটক হলো, এদের জন্যে যে দৌড়ঝাঁপ, সেই দৌড়ের কিছুটা স্থায়ী একটা সমাধানের পিছনে ব্যয় করেন। নতুবা এইগুলা বাড়বেই।
আরেকটা ব্যাপার, সকলেই দেখি যে, বাঙলাদেশের আলেমসমাজ, বাঙলাদেশের তুলাবাদের এগিয়ে আসার আহ্বান করতেছেন। দেওবন্দের শায়খ, কু.সি., মু.জি.আ.-দের এবং সেখানকার তুলাবাদেরকে কেউ আহ্বান করতেছেন না। এর কারণ কী? এই ছাত্ররা ওনাদের গ্রাজুয়েট, ওনাদের ছাত্র। ওনাদেরই তো প্রথম পদক্ষেপ নেওয়া উচিত। ওনারা কি কোন পদক্ষেপ নিছেন? নাকি ওনারা এইখানে দায়মুক্ত আর আমরাও ওনাদের ‘বৃহত্তর স্বার্থে’ দায়মুক্তি দিয়া রাখছি? নাকি, ‘মানুশ’দের ফ্যাসাদে ওনারা জড়াইতে চান না? এর আগের ঘটনাগুলায় তাদের ভূমিকা কী ছিলো? এগুলা স্পষ্ট হওয়া দরকার। মাদারে ইলমি-তে যাইতে হবে চোরের মত, সেখানে ‘চোর’ বইলা কেউ গালি দিলে, মারলে মাদারে ইলমি নীরব থাকবে, আর আমরা বিচ্ছিন্নভাবে আন্দোলন করব, এতে কিছুই হবে না।
সরকারীভাবে এই ব্যাপারে একটা সুষ্ঠু সুরাহা করতে হবে। দেওবন্দ কর্তৃপক্ষের এবং সেখানকার ছাত্রদের এইসব ব্যাপারে সুস্পষ্ট ভূমিকা ও বক্তব্য থাকতে হবে। আর, আপাতত, এই মজলুম তালেবদের জন্য দুয়া করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। বাঙলাদেশের আলেমসমাজ সেটা করবেন বলেই আমার বিশ্বাস।
