
ইফতেখার জামিল
রমজানে যারা কোরআন পাঠ করেন বা পাঠ করতে চেষ্টা করেন, তাদের সংখ্যাটা নেহায়েত কম নয়। তবে অনেকেই এর যথাযথ উপকার পান না। কীভাবে এর থেকে যথাযথ উপকার পাওয়া যায়, এই বিষয়ে কিছু কথা বলবো। আশা করি কাজে আসবে।
১) প্রথমেই কোরআন পাঠ কথাটা বুঝা যাক। কোরআন আল্লাহর কালাম। এটা কোন গল্পের বই নয়।কোন আইন কি দর্শনের বইও নয়। গল্পের বইয়ের মতো রাজা-রানীর কোন গল্পও এখানে পাওয়া যাবেনা। কোরআন কি করা বৈধ আর কি করা অবৈধ এমন বিবরণে ভর্তি আইনি বইও নয়। কোরআন এককাট্টা দর্শন বা আধ্যাত্মিক বইও নয়। ফলে যারা ইতিহাস, আইন, দর্শন কি ধর্মগ্রন্থ পড়ার উৎসাহ নিয়ে কোরআন শুরু করেন, তারা বেশ হতাশ হবেন। ফলে শুরুতেই কোরআন কি, এটা পরিষ্কার হওয়া দরকার। এর সবচে সহজ তরিকা হচ্ছে, মাথা থেকে সমস্ত পূর্বানুমান বের করে ফেলতে হবে। মনে গেথে নিতে হবে, কোরআন এমন কিছু নয়, যার সাথে আপনি আগে থেকে পরিচিত।
২) কোরআন কি এই প্রশ্নটা তাহলে রয়েই গেল। কোরআন আল্লাহর কালাম। সহজ বাংলায় বললে আল্লাহর কথা ও সংলাপ। আল্লাহ তাআলা মোহাম্মদ সাঃ এর সাথে কথা বলেছেন। নানা প্রসঙ্গে । কোরআন এর সংকলন। কোরআনে অনেক কিছুর বিবরণ আছে, আবার সংলাপের মতো সেসব বিবরণ নিয়ে পর্যালোচনাও আছে। কোরআন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বক্তব্য নয় বা কোন উপন্যাসের সংলাপও নয়। টানা ঘুরিয়ে ফিরিয়ে নানা বিষয়ে আলোচনা ও পর্যালোচনা। এমন ভঙ্গিতে, যার মাধ্যমে ছোট-বড় ও জ্ঞানী-মূর্খ সবাই উপকৃত হতে পারে। কোরআনে কোন আলোচনার সরাসরি শুরু বা শেষ নেই। আদি বা অন্ত নেই। টানা তত্ত্ব বা তথ্য নেই। কোরআনে আছে বরং নানাবিষয়ের বৈঠকী আলাপ ও আলোচনা। এই আলাপ-আলোচনার মাধ্যমে নবীজি জীবন পরিচালনা করেছেন, পরিচালিত হতে নির্দেশ দিয়েছেন। কোরআন, ফলত, ইসলামের ইশতেহার।
৩) আগেই যেমন বলেছি, কোরআন সবার জন্য। সমানভাবে। ছোট ও বড় এবং মূর্খ ও জ্ঞানী সবার জন্য। ফলে যে যে পর্যায়ে আছে, কোরআন তার সেভাবেই পড়া উচিত। তবে যেমন আগেই যেমন বলেছিলাম, কোরআন ইসলামের ইশতেহার। ফলে কোরআনের তাত্ত্বিক আলোচনা ও ব্যাখ্যা জরুরী বটে, তবে তার আগে সাধারণভাবে কোরআনের সাথে পরিচিত হওয়া জরুরী। এর জন্য অনেক কিছু জানার দরকার নেই। সাধারণ অনুবাদই কাফি। কেননা এর মাধ্যমেই নবীজি আরবের সাধারণ মানুষদের সামনে ইসলাম প্রচার করেছেন। এতেই তারা প্রভাবিত হয়েছে। ফলে বুঝা গেলো, কোন রকম ব্যাখ্যা ছাড়াই কোরআন থেকে সকলেই উপকৃত হতে পারে। যদিও ব্যাখ্যা ও তাত্ত্বিক পাঠেরও প্রয়োজন আছে। সাহাবায়ে কেরামের একাংশের এমন পাঠও ছিল। তবে সেটা সবার জন্য জরুরী ছিলোনা। সবার জন্য জরুরী ছিল কোরআনের মৌলিক আলোচনাগুলো সাধারণভাবে বুঝা ও জপ্ত করা। কেননা এটাই ইসলামের ইশতেহার। মূলনীতি। মূল বক্তব্য। এটা ছাড়া তো আপনি সরাসরি ইসলামের সাথে পরিচিত হতে পারছেন না।
৪) কোরআনের নিজস্ব বাকভঙ্গি ও রচনাশৈলী আছে, এর সাথে পরিচিত না হতে পারলে কোরআন থেকে উপকৃত হওয়া কঠিন। আগেই যেমন বলেছি, কোরআন বৈঠকি আলোচনা। তাই মনে রাখতে হবে, কোরআনে টানা কোন আলোচনা পাবেন না। দুই তিন কি চার লাইনের মধ্যেই একেকটা বিষয়ে আলোচনা করে ফেলা হয় ( সাধারণত)। মৌলিক আলোচনা অনেক বেশী নয়। কোরআনে অল্প কিছু আলোচনাকেই নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বারবার আনা হয়। ফলে শুরুতে কিছুদূর পর্যন্ত থেমে থেমে পড়লে মৌলিক আলোচনাগুলোর সাথে দ্রুত পরিচিত হয়ে যেতে পারবেন। শেষের দিকে দ্রুত পড়তে পারবেন।
প্রতিটা আয়াত শেষ করার পর সেখানে যে আদেশ,নিষেধ ও উপদেশগুলো আছে, সেগুলো বের করতে হবে। প্রয়োজনে এর নোটও নেওয়া যায়। অনুবাদ ও সরল ব্যাখ্যার কোন তাফসীর সাথে রাখতে হবে। তাফসীরে তাওজিহুল কোরআন, সংক্ষিপ্ত মাআরিফুল কোরআন ও তাফসীরে উছমানি রাখা যেতে পারে। কোন জায়গায় অস্পষ্ট লাগলে ব্যাখ্যা দেখে নিতে হবে। আক্ষরিক ব্যাখ্যার বাইরে কোন ব্যাখ্যা নিজের থেকে গ্রহণ করা যাবেনা। তাতে ভুল হবার আশঙ্কা বাড়বে। বিশেষত তাত্ত্বিক ও আইনি বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। কেননা তাত্ত্বিক ও আইনি বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝার জন্য সাধারণ স্তর থেকে একটু উপরে যেতে হবে।
৫) নবীজি ও সাহাবীদের জীবন হচ্ছে কোরআনের বাস্তব প্রয়োগ। ফলে কোরআনকে ভালোভাবে বুঝার জন্য নবীজি ও সাহাবায়ে কেরামের জীবনী পাঠের কোন বিকল্প নেই। পাশাপাশি দুটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ কোরআনের সাথেসাথে নবী পাঠিয়েছেন। কেননা শুধু বই কাউকে হেদায়েত দিতে পারেনা। কাজেই কোরআন পাঠের পাঠের সাথেসাথে কোন রাব্বানি আলেমের সাথে যোগাযোগ রাখারও চেষ্টা চালাতে হবে। এবং গুনাহের থেকে বেঁচে থাকতে হবে। কেননা কোরআন হচ্ছে, নূর। নূর তো গুনাহের সাথে একত্রিত হতে পারেনা। সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনের হেদায়েত মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকী নন, সন্দেহ, সংশয় ও অস্থিরতা পোষণ করেন, তাদের পক্ষে কোরআন থেকে হেদায়েত লাভ করা কঠিন।
আল্লাহ আমাদেরকে কোরআন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন।
