রাজধানীর রাস্তায় হঠাৎ বিএনপির বিক্ষোভ মিছিল

ফাতেহ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে দলটি।

রাজধানীর কল্যাণপুরে শুক্রবার সকাল ৮টায় শুরু হওয়া ওই মিছিলে অংশ নেন ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী। এতে নেতৃত্বে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী গিয়ে শেষ হয়।

পরে রুহুল কবির রিজভী বলেন, ‘এটা কোনো ঘোষিত কর্মসূচি নয়। আমাদের নেত্রী জেলে। আমরা প্রতিবাদের মধ্যে আছি। যে কেউ যেকোনো সময় ও স্থানে এই প্রতিবাদ মিছিল করতে পারে। এটা ঘোষণা দিয়ে করার দরকার নেই।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে রয়েছেন তিনি। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। গত ১৭ মে এ আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

আগের সংবাদতাহিরপুরে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তি সংবাদএখন থেকে মুছে ফেলা যাবে জি-মেইলে পাঠানো ইমেইল