
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ নাজবীন খান মুক্তা নামে এক নারী ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর ৫টায় তাকে গ্রেফতার করা হয়।
তিনি ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের কন্যা।
ঢাকাতে সেগুনবাগিচায় থাকতেন। ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় ভর্তি বাতিল করা হয়।
বাকলিয়া থানার ওসি বলেন, কক্সবাজার থেকে গ্রীনলাইন পরিবহনের এসি বাসে ঢাকা যাচ্ছিলেন নাজবীন খান মুক্তা। শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় তাকে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজারের নাহিদ নামের একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় তার সহযোগী রিপনকে সরবরাহ করার কথা মুক্তা স্বীকার করেছেন বলেও জানান ওসি প্রণব চৌধুরী।
