
ফাতেহ ডেস্ক: এবছর আড়াই হাজার হজযাত্রীর সৌদি যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিমান বলছে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় ছয় হাজার চারশো যাত্রী কম পাঠানো হচ্ছে।
এদের মধ্যে চার হাজার মানুষকে পাঠানো সম্ভব হলেও অতিরিক্ত স্লট না পাওয়ায় বাকিরা অনিশ্চিত। সৌদি সরকারের সাথে এদের নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে হজ অফিস।
এবার বাংলাদেশ বিমানে হজে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। এখন পর্যন্ত ১১৪টি ফ্লাইটে সৌদি গেছেন ৪২ হাজার ২৮২ জন। কিন্তু এজেন্সিগুলো সময়মত টিকিট না কেনায় ১০টি ফ্লাইট বাতিল হয়েছে, ৪ হাজার যাত্রী কম পাঠিয়েছে বিমান। আরও ২ হাজার ৪শ আসন ফাঁকা যাওয়ার আশংকা রয়েছে।
সংস্থাটি বলছে, তাদের কাছে যে স্লট আছে তাতে হয়তো ৪ হাজার যাত্রী যেতে পারবেন। কিন্তু সৌদি আরব থেকে অতিরিক্ত স্লট না পাওয়ায় আটকে যেতে পারেন বাকিরা।
বিমান বলছে, এজেন্সিগুলো টিকিট না কেনায় দেখা দিয়েছে যাত্রী সংকট, বাতিল হয়েছে ফ্লাইট। হাবের মহাসচিব বলছেন, আগে থেকে ব্যবস্থা নিলে এ সংকট তৈরি হতো না।
এদিকে হজযাত্রী রিপ্লেসমেন্ট ১৫ শতাংশ করায় দ্রুত আরও সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হবে বলে আশা করছে হাব।
