ফাতেহ ডেস্ক :
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন আলেমকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার (৪০) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার এ সংক্রান্ত শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক হেলাল উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মজনু মিয়া বলেন, আমরা মামলার তদন্তের জন্য নূরে বাংলার ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের একটি মাহফিলে মাওলানা মাহবুবুল হক আল কাদেরী শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশের কয়েকজন প্রখ্যাত আলেমকে কটূক্তি করে আক্রমণাত্মক বক্তব্য দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন নূরে বাংলা।
এ ঘটনায় হেফাজতে ইসলামের সাতকানিয়ার উপজেলা আমির মাওলানা আবদুল মোবিন গত মঙ্গলবার মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় নূরে বাংলাকে একই দিন রাতে উপজেলার মৌলভীর দোকান থেকে গ্রেফতার করে পুলিশ।
