
ফাতেহ ডেস্ক:
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে হেরে যাওয়ায় বিএনপি বাস পুড়িয়ে নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে পাওয়া একটি ফোনালাপে শোনা যায়, বিএনপি নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি। তাই তারা এ নাশকতা চালিয়েছে। দলটি যখনই কোনো নির্বাচনে পরাজিত হয়েছে, তখনই সেটিকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছে।
তিনি আরো বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। তাদের এ তৎপরতা খুবই প্রশংসনীয়। যারা নির্বাচনকে কেন্দ্র করে এ নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় রাজধানীর কলাবাগান, বংশাল, সূত্রাপুর, শাহবাগসহ ৮টি থানায় মোট ১৪টি মামলা দায়ের করা হয়। সেসব মামলায় আসামি করা হয় দেড় শতাধিক ব্যক্তিকে। ইতোমধ্যে পুলিশ এসব মামলায় ৩২ জনকে গ্রেপ্তারও করেছে। যাদের মধ্যে ২৮ জনকে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।
