কওমি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার পথ সুগম করতে হাইয়াতুল উলয়ার বিশেষ কমিটি গঠন

গত বছরের ২১ মে কওমী ছাত্র-শিক্ষক পরিষদের ব্যানারে কওমি শিক্ষার্থীদের দারুল উলুম দেওবন্দ তথা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের বৈধ সুযোগ করে দেয়ার দাবীতে মানববন্ধন করেছিলেন তরুণ আলেম ও কওমি শিক্ষার্থীরা

ফাতেহ ডেস্ক

সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদরাসা-শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষাগ্রহণের প্রক্রিয়া সুগম করার লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট বিশেষ একটি সাব-কমিটি গঠন করেছে। এই কমিটির অধীনে কওমি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ সহজিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বহির্বিশ্বের শিক্ষার্থীরাও যাতে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোতে পড়াশোনার সুযোগ পেতে পারে সে-ব্যাপারেও কাজ করবে এ কমিটি।

আজ (১৭ মার্চ রোববার) সকাল ১০টায় রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ডের শীর্ষ বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসকে আহ্বায়ক করে গঠিত উচ্চতর কমিটিতে আরও রয়েছেন মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি মোহাম্মদ আলী।

বৈঠক শেষে উচ্চতর কমিটির অন্যতম সদস্য, বেফাকের যুগ্ম মহাসচিব ও ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নুরুল আমীন ফাতেহ টোয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই কমিটি ভারতের দারুল উলুম দেওবন্দসহ বহির্বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কওমি মাদরাসার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে কাজ করবে। কমিটি কওমি মাদরাসা স্বীকৃতি আইনের আলোকে সরকারের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেবেন এবং তা দ্রুততম সময়ে সম্পন্ন করার চেষ্টা করবেন।

তিনি আরও জানান, সাথে সাথে বহির্বিশ্বের শিক্ষার্থীরা যেন বাংলাদেশের কওমি মাদরাসায় লেখাপড়া করতে পারে এবং তাদের বাংলাদেশি ভিসা লাভের প্রক্রিয়া সহজ হয় সে লক্ষ্যেও কাজ করবে এই কমিটি।

আগের সংবাদনিউজিল্যান্ডের মসজিদে গণহত্যার প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ
পরবর্তি সংবাদহাইয়াতুল উলইয়ায় লালখান বাজারের পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের জন্য ভিন্ন ব্যবস্থা