ফাতেহ ডেস্ক :
বাংলাদেশে কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করেনি আর ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
সোমবার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ ক্বারী সমিতির উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন। মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় এই ক্বিরাত সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সব ধর্মের লোকের বসবাস রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকের সমান অধিকার নিশ্চিত করেছেন। যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। তবে আমি দৃঢ়তার সাথে বলছি, এদেশে কোরআন সুন্নাহর পরিপন্থী কোন আইন শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করেনি। আর ভবিষ্যতেও করবে না।
ক্বিরাত শুনতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা ছাড়াও বরিশালের গোটা দক্ষিণাঞ্চল থেকে দ্বীনদার ইসলাম প্রিয় মানুষের যেন ঢল নেমেছিল। ক্বিরাত সম্মেলনে মিসরের শায়খ ড. ক্বারী আবদুল নাসির, তানজিয়ার শায়খ ক্বারী রেজাই আইয়ুব, ভারতের ক্বারী তৈয়ব জামাল, বাংলাদেশের শায়খ আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবীবুর রহমানসহ আরো অনেকে সম্মেলনে ক্বিরাত পরিবেশন করেন।
সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইসলামি ফাউন্ডেশনের পিরোজপুরের উপ-পরিচালক একেএম সাদ উদ্দীন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরসহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
