খুলনায় গৃহবধূ হত্যা; স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ফাতেহ ডেস্ক:

খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের গৃহবধূ টুম্পা রানী মণ্ডল হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করায় ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আজ (সোমবার) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার অপর আসামি সুদাশ গাইন নির্দোষ প্রমাণ হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামী অনিমেষ ও বিপ্লব কান্তি মণ্ডল পলাতক রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৬ সালের ৯ অক্টোবর মোবাইল ফোনে টুম্পা রানীকে তার স্বামী প্রসেজিৎ গাইন পারিবারিক দ্বন্দ্ব মিমাংসার কথা বলে বাদুরগাছা গ্রামের ঘ্যাংরাইল নদীর পাশে বসে কথা বলতে থাকে। এসময় পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রসেনজিৎ ও তার দুই বন্ধু টুম্পাকে নদীর পানিতে চুবিয়ে হত্যা করে মরদেহ নদীর পানিতে গুম করার চেষ্টা করে। এ ঘটনায় টুম্পার ভাই সুমিত মণ্ডল বাদী হয়ে পরদিন ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কেরামত আলী প্রসেনজিৎ গাইন, অনিমেষ, বিপ্লব কান্তি মণ্ডল ও সুদাশ গাইনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ২৮ জন স্বাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

আগের সংবাদজয়পুরহাটে শিশু হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদমিয়ানমারে বেসামরিক লোক নির্যাতনের আরো প্রমাণ মিলেছে