জয়পুরহাটে শিশু হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

ফাতেহ ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবিতে শিশু অপহরণ ও হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার) দুপুরে জনাকীর্ণ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান গ্রামের উত্তম কুমার সরকার (২৯), বিরেন চন্দ্র বর্মন ওরফে বিরেশ চন্দ্র বর্মন (৩৮), সন্তোষ কুমার সরকার ওরফে কেটলু (২৮), বিনধারা গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে রাব্বু (৩৮) ও ওবাইদুল ইসলাম (২৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ ডিসেম্বর দুপুরে একই উপজেলার রশিদপুর মোলান গ্রামের পরেশ চন্দ্রের আড়াই বছরের শিশু কন্যা আরাধা রানীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন আসামিরা। মুক্তিপণ না পেয়ে তারা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রশিদপুর মোলান বাজারের পাশে একটি পুকুর পাড়ের ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ২৫ ডিসেম্বর পুলিশ ঘটনাস্থল থেকে শিশু আরাধার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২২ ডিসেম্বর পাঁচবিবি থানায় অপহরণ মামলা করেন, তা পরবর্তীকালে অপহরণ ও হত্যা মামলা হিসেবে পুলিশ আমলে নেয়। এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা পেয়ে ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অপহরণ মামলায় প্রত্যেককে যাবজ্জীবন ও হত্যা মামলায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারক।

আগের সংবাদপুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ, ফাঁড়িপ্রধানসহ ৪ পুলিশ বরখাস্ত
পরবর্তি সংবাদখুলনায় গৃহবধূ হত্যা; স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড