
ফাতেহ ডেস্ক
অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে রাতেই বাংলাদেশের খুলনা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ে সবশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য দেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।
তিনি জানান, ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। ভারতের ওড়িশা উপকূল অতিক্রমের পর পশ্চিমবঙ্গ দিয়ে সন্ধ্যায় বাংলাদেশে ঢুকবে ঘূর্ণিঝড় ফণী। তবে, এটি তীব্র শক্তি নিয়ে আঘাত হানতে পারে মধ্যরাতে। ঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর ও চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল সারাদেশেই বৃষ্টি হবে। রংপুর ও রাজশাহীতে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এসময় ঝোড়ো হাওয়াসহ বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। সবশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি মংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৪৫ ও ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে, সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
