আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রে আটক এক ইরানি বিজ্ঞানীর মুক্তির বিনিময়ে তেহরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক চীনা-আমেরিকান গবেষককে মুক্তি দিয়েছে ইরান। সুইডেন সরকারের মধ্যস্ততায় এই বন্দিবিনিময় হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। খবর আলজাজিরা ও ডয়েচে ভেলের।
এক টুইটবার্তায় শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ লিখেছেন, ‘আনন্দের খবর যে অধ্যাপক মাসুদ সোলাইমানি ও জিউয়ে ওয়াং শিগগিরই তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, বিশেষ করে সুইডেন সরকারকে।’
অপর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকান গবেষকের মুক্তির খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের আগস্টে বিদেশি সরকারকে সহায়তার অভিযোগে চীনা-আমেরিকান গবেষক জিউয়ে ওয়াংকে আটক করে ইরান। আর গত বছরের অক্টোবরে শিকাগো বিমানবন্দর থেকে স্টেম সেল বিশেষজ্ঞ মাসুদ সোলাইমানিকে আটক করে যুক্তরাষ্ট্র।
তার বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে জীববিজ্ঞান সামগ্রী পাঠানোর চেষ্টার অভিযোগ আনা হয়। তবে উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
