জামালপুরে মাকে গলা কেটে হত্যা করল ছেলে!

জামালপুরে মাকে গলা কেটে হত্যা করল ছেলে!

ফাতেহ ডেস্ক :

তুচ্ছ ঘটনার জের ধরে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোছা. ছালেহা বেগম (৬০) ওই গ্রামের হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. মাসুদ রানাকে (২৫) আটক করেছে পুলিশ।

নিহতের বড় ছেলে মো. হাবিবুর রহমানের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজেদুর রহমান জানান, ছালেহা বেগম তার ছোট ছেলে মাসুদ রানাকে নিয়ে একই ঘরে থাকতেন। গত ৭ দিন আগে তার বড় মেয়ের ছেলে আব্দুল্লাহ নানা বাড়িতে বেড়াতে এসে একই ঘরে থাকা শুরু করেন। এ নিয়ে বুধবার বিকেলে ছালেহা বেগমের সঙ্গে তার ছোট ছেলে মাসুদ রানার ঝগড়া হলে আব্দুল্লাহ তাদের বাড়িতে চলে যায়। এই ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার সকালে মাসুদ রানা তার মা ছালেহা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় ছালেহা বেগমের গোঙানির শব্দ শুনে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা মাসুদ রানাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক মাসুদ রানা কিছুটা অপ্রকৃতিস্থ বলে জানান ওসি।

আগের সংবাদএনআরসি, সিএএ নিয়ে বলিউড তারকাদের কথা বলতে দেওয়া হয় না: অজয় দেবগন
পরবর্তি সংবাদলিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক :এরদোগান