
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী জায়শে মুহাম্মদের বড় ধরনের হামলার আতঙ্কে ভুগছে ভারতের নিরাপত্তা বাহিনী। আগামী ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে জায়শে মুহাম্মদ ভারতের বিভিন্ন স্থানে এক যোগে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন বুধবার এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভারতের জাতীয় নির্বাচন শুরু হলেও দেশটির গোয়েন্দা বাহিনী ভয়াবহ হামলার আশঙ্কা করছে। এপ্রিলের শেষ সপ্তাহ নাগাদ জায়শে মুহাম্মদ এ হামলা চালাতে পারে।
এসব হামলায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও বেসামরিক নাগরিকদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
এপ্রিলের শুরু থেকেই হামলার মাধ্যমে জায়শে মুহাম্মদ নিজেদের অবস্থান জানান দিতে চেয়েছিল দাবি করে ওই প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে জম্মুতে একটি বড় হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা সফল হয়নি বলে দাবি করা হয়। এরপর ১৪ এপ্রিল শ্রীনগরে একটি হামলাচেষ্টা ব্যর্থ করা হয়। তাই এখন মাসের শেষের দিকে হামলার আশঙ্কা করছে তারা।
