
ফাতেহ ডেস্ক
ঢাকার আশপাশের নদী দখলমুক্ত করার অভিযানের ৩১তম দিনে টঙ্গী ও আবদুল্লাপুরের তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এ সময় ভেঙে দেয়া হয় ৫ তলা দুটি ভবনসহ ১০৩টি স্থাপনা।
তুরাগের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কামারপাড়ার স্লুইটগেট এলাকার পশ্চিম আবদুল্লাহপুর মৌজায় সকালে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। এ সময় ভেঙে ফেলা হয় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি বায়িং হাউস। আর নিলামে বিক্রি করা হয় নদীর জায়গায় গড়ে ওঠা অবৈধ বালুমহালের বালু।
তবে স্থাপনার মালিকদের দাবি, বৈধ জায়গাতেই তারা ভবন নির্মাণ করেছেন। আর তা নাকচ করেছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
অভিযানে দুটি এক্সভেটর দিয়ে বেশ কিছু বহুতল ভবন এবং আধাপাকা ও টিনের ঘর ভেঙ্গে দেয়া হয়। তবে স্পর্শকাতর বিবেচনায় নদীর জায়গা দখল করে গড়ে উঠা একটি মসজিদ বাদ পড়েছে।
মঙ্গলবারের অভিযানে দখলমুক্ত হয়েছে তুরাগ তীরের দুই একর জমি। টঙ্গী ব্রিজ এলাকায় বুধবার সকালে আবারও অভিযান চলবে।
