রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সারাদেশে জোরদার হচ্ছে অভিযান

ফাতেহ ডেস্ক

রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভেজাল ঠেকাতে ঢাকাসহ সারা দেশে জোরদার হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব বিভাগীয় কমিশনার, ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে অভিযান সফল করতে বিভিন্ন সংস্থার কাজের সমন্বয় চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব।

রমজান এলেই বেড়ে যায় ছোলা, তেল, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উপকরণ দিয়ে ইফতার তৈরি করেন অনেক ব্যবসায়ী।

সরকারি সংস্থা টিসিবির হিসাবে ঢাকায় এক মাসের ব্যবধানে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। চিনির দাম এক সপ্তাহে বেড়েছে কেজিতে ২ থেকে ৫ টাকা। বেড়েছে আদা, রসুন, বিদেশি পেঁয়াজ ও এলাচের দাম। ক্যাবের অভিযোগ, যথাযথ নজরদারির অভাবে রোজার আগেই দাম বাড়ছে।

রোজা শুরু হতে সপ্তাহখানেক বাকি। এরমধ্যে অবৈধভাবে পণ্য মজুদ করে ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারে সেজন্য প্রশাসনকে সতর্ক করে চিঠি দিয়েছে বাণিজ্যমন্ত্রী। পণ্য পরিবহন ও সরবরাহ স্বাভাবিক রাখতে চিঠিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান জোরদারের কথাও বলা হয়েছে।

এদিকে পুরান ঢাকার ব্যবসায়ী নেতারা জানান, নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও আন্তর্জাতিক বাজারমূল্য স্বাভাবিক রয়েছে। তাই রোজায় দাম বাড়ার কোনো শঙ্কা নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোজায় বাজার তদারকি করবে সরকারের বিভিন্ন সংস্থা। তবে এসব তদারকিতে সমন্বয় চান ভোক্তারা।

আগের সংবাদতুরাগ দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ’র অভিযান
পরবর্তি সংবাদকক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে নিহত ১