দেড় মাসেরও কম সময়ে ভারতের ৭ যুদ্ধবিমান বিধ্বস্ত

ফাতেহ ডেস্ক

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভারতের সাতটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে শুধু ফেব্রুয়ারি মাসেই বিধ্বস্ত হয়েছে দেশটির ৫টি যুদ্ধবিমান।

গতকাল শুক্রবার সর্বশেষ পাক সীমান্তের রাজস্থানে ভারতের একটি মিগ-২১ বাইসন বিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট বের হতে সক্ষম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

গত ১ ফেব্রুয়ারি টহল দিতে গিয়ে বিধ্বস্ত হয় একটি মিরেজ ২০০০ যুদ্ধবিমান। রাষ্ট্রীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) প্রয়োজনীয় উন্নয়ন ঘটানোর পর উড়তে যেয়েই বিধ্বস্ত হয় বিমানটি।

অন্যদিকে, গত ১৯ ফেব্রুয়ারি আইএএফের সূর্যকিরণ অ্যাক্রোবেটিক টিম বা বিমান কসরত দলের দুটি বিমান বিধ্বস্ত হয়। অনুশীলনকালে মাঝআকাশে ঠোকাঠুকিতে বিমান দুটি বিধ্বস্ত হয় এবং এক পাইলট নিহত হয়।

ইরানি গণমাধ্যম পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানের বালাকোটে হামলার পর দিন (২৭ ফেব্রুয়ারি) বিধ্বস্ত হয় একটি মিগ-২১ বাইসন বিমান। যদিও পাকিস্তান দুটি বিমান ভূপাতিতের দাবি করে, এবং এর একটি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত হয় বলে দাবি করে ইসলামাবাদ।

একই দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি আইএএফের একটি এমআই-১৭ হেলিকপ্টার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বাদগামে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়।

এর একদিন পর ২৮ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার বিধ্বস্ত হয় উত্তরপ্রদেশে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

আগের সংবাদঅস্ত্রবিরতিতে যাবে না তালেবান
পরবর্তি সংবাদজেনারেটর বিস্ফোরণে চাঁদপুরে ভয়াবহ আগুন