পাকিস্তানে ইমরান খানের সরকারকে মাওলানা ফজলুর রহমানের হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক

পাকিস্তান জমিয়তের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে আগস্টের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, যদি এ সময়ের মধ্যে সরকার পদত্যাগ না করে তাহলে সারা দেশ অক্টোবরে ইসলামাবাদমুখী মার্চ করবে।

কোয়েটায় রোববার তার দল আয়োজিত ‘মিলিয়ন মার্চ’ র‌্যালিতে বক্তব্য রাখছিলেন মাওলানা ফজলু। তিনি বলেছেন, কোয়েটায় মিলিয়ন মার্চ হলো আমাদের শেষ মিলিয়ন মার্চ। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হবে ইসলামাবাদ। তিনি এ সময় সরাসরি সরকারকে উদ্দেশ্য করে বলেন, তাদের জন্য প্রথম পরিকল্পনা হলো- অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে। এটা করলে তারা ইসলামাবাদ মার্চ থেকে নিজেদের রক্ষা করতে পারবে। যদি আগস্টের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে অক্টোবরে আমাদেরকে ইসলামাবাদে দেখতে পাবেন।

সেই মার্চে যোগ দেবে সারা দেশ। সেটা হবে একটি স্বাধীন মার্চ, যেভাবে আমরা আমাদেরকে বৃটিশদের কাছ থেকে স্বাধীন করেছি, সেই একইভাবে আমরা আমাদেরকে এই সরকারের হাত থেকে মুক্ত করবো।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, বিরোধী রাজনৈতিক জোট মনে করে গত জাতীয় নির্বাচন জালিয়াতির ছিল। ওই নির্বাচন গ্রহণযোগ্য নয়। তাই নতুন নির্বাচন দিতে হবে। এ বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত সর্বদলীয় কনফারেন্সে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি জনগণের জীবনকে দুঃসহ করে তুলেছেন। আর বলছেন এই অর্থনীতি হলো প্রামাণ্য অর্থনীতি। কিন্তু আপনার এই অর্থনীতি হলো একটি পশ্চিমা এজেন্ডা এবং আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংগঠনগুলোর এজেন্ডা।

আগের সংবাদ‘জয় শ্রীরাম’ না বলায় কিশোরের গায়ে আগুন
পরবর্তি সংবাদনারী ও শিশুসহ ভারতে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার