
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি মাদরাসায় বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। খবর দৈনিক ডন।
আজ শুক্রবার (১৬ আগস্ট) কোয়েটার কুচলাক নামক এলাকার একটি মাদ্রসায় জুমার নামাজ চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইতোমধ্যে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনে বিস্ফোরণের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে মাদ্রাসার দেয়াল এবং ছাদ ব্যাপকভাবে ধসে পড়ছে।
পুলিশ জানায়, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়েছে। মাদ্রাসাটির মূল অংশের নিচে এই আইইডি পুঁতে রাখা হয়।
প্রসঙ্গত, কোয়েটায় গত চার সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা এটি। গত ২৩ জুলাই কোয়েটার পশ্চিমাঞ্চলীয় বাইপাস এলাকায় বোমাহামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়। এর পর ৩০ জুলাই কোয়েটায় একটি পুলিশ স্টেশনের পাশে হামলায় পাঁচজন নিহত এবং ৩০ জন মানুষ আহত হয়।
