
ফাতেহ ডেস্ক
ফেনীর দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুলের ২০১৪ ব্যাচের ছাত্রী ও ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের বিশ্বজিৎ কর্মকারের মেয়ে প্রীতি কর্মকার সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তার নাম নুশরাত জাহান এশা। গত ২৮ জুন ২০১৮ সালে নোটারী পাবলিক বরাবরে সম্পাদিত এফিডেভিট মূলে প্রীতি কর্মকার মুসলিম ধর্ম গ্রহণ করেন। এ সময় নুশরাত জাহান এশা নিজের নাম হিসেবে পছন্দ করেন।
নুশরাত জাহান এশা নোয়াখালী সরকারী স্বাস্থ্য সহকারী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এ বছর স্বাস্থ সহকারী কোর্সের শেষ বর্ষ সম্পন্ন করেছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদেরকে জানান, তিনি যে ইসলাম গ্রহণ করেছেন এটি তার পরিবার জানলেও তারা বিষয়টি নিয়ে কোনরুপ উচ্চবাচ্য করছেন না। তবে তিনি আতঙ্কিত যে, পরিবার থেকে তাকে চাপে পড়তে হতে পারে। এজন্য তিনি প্রায় এক বছরের অধিক সময় ধরে পরিবার ছেড়ে নোয়াখালীতে তার বেশকিছু বান্ধবীর সাহচর্যে ইসলাম ধর্মের অনুসারী হয়ে ধর্ম-কর্ম পালন করছেন। তবে সমাজের কারো কোন প্রকার দান বা দয়া না চেয়ে এক নিমিষেই বললেন, আল্লাহ ভরসা। আল্লাহ এ পর্যন্ত ঠেকাননি এমন কি ভবিষ্যতে কোথাও ঠেকাবেন না।
নুসরাত জাহান সপ্তম শ্রেণী থেকে ধর্ম নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। নিজের ধর্মের অনেক নিয়ম-নীতি তার পছন্দ হতো না। বিশেষত কোন মানুষ মরে যাওয়ার পর দাহ করাটা কোনভাবেই সমর্থন করতে পারতেন না। এসব বিভিন্ন বিষয়ে ইসলাম ধর্মের মহান ও পবিত্র শিক্ষা-দীক্ষায় অনুপ্রাণিত হয়ে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন। এশা কোনরুপ আড়ালে না থেকে প্রকাশ্যে ইসলাম ধর্মের অনুসারী হয়ে মুসলিম রীতিনীতি পালন করতে সমাজ ও রাষ্ট্রের একান্ত সহযোগিতা প্রত্যাশা করেন।
