বাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু, জাবালে নূরের দুই চালকসহ তিনজনের যাবজ্জীবন

বাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু, জাবালে নূরের দুই চালকসহ তিনজনের যাবজ্জীবন

ফাতেহ ডেস্ক :

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়ার বাসচাপায় নিহতের ঘটনায় করা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মালিক জাহাঙ্গীর আলম ও হেলপার এনায়েতকে খালাস প্রদান করেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন- জাবালে নূর পরিবহনের দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং চালকের সহকারী কাজী আসাদ। এদের মধ্যে আসাদ পলাতক।

এর আগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ ১ ডিসেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

আগের সংবাদধর্ষণের অভিযোগে ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে আদালতের সার্চ ওয়ারেন্ট
পরবর্তি সংবাদএনআরসি করতে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে : বিজেপি নেতা