আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা, কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ৮০ পৃষ্ঠার এ পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রকাশিত পরিকল্পনায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে পশ্চিমতীরে ইজরাইলের দখলকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে বলে উল্লেখ করা হয়েছে। বিনিময়ে চার বছরের জন্য ইজরাইল দখলকৃত এলাকার সম্প্রসারণ বন্ধ রাখবে। এ সময়টিতে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনা চলবে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই প্রথমবারের মতো ইজরাইল একটি ধারণামূলক মানচিত্র প্রকাশ করতে রাজি হয়েছে। শান্তি স্থাপনের জন্য নিজেদের ভূখণ্ড ছেড়ে দিতে সম্মতও হয়েছে। ওই মানচিত্রে ফিলিস্তিনি ভূখণ্ড দ্বিগুণ হবে ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের রাজধানী থাকবে এবং যুক্তরাষ্ট্র গর্বের সঙ্গে সেখানে দূতাবাস চালু করবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ৮০ পৃষ্ঠার এ পরিকল্পনার ৫০ পৃষ্ঠাই ব্যয় করা হয়েছে রাজনৈতিক পরিকল্পনা উপস্থাপনের জন্য। পরিকল্পনার বাকি ৩০ পৃষ্ঠা গত বছরের জুলাইয়ে প্রকাশ করা হয়েছিল। যেখানে মূলত অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ইজরাইল-ফিলিস্তিন আলোচনা কোনো মীমাংসা ছাড়াই বন্ধ হয়ে যায়। সেই আলোচনা নতুন করে আবার শুরু হবে কিনা, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে কিছু স্পষ্ট করা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিন প্রস্তাবটি নিয়ে সংশয়ী থাকবে, সে বিষয়ে তারা নিশ্চিত। তবে ধীরে ধীরে তারা আলোচনার জন্য রাজি হবে।
তবে বিষয়টি নিয়ে শুরুতেই আপত্তি জানিয়ে রেখেছে ফিলিস্তিন। আর হামাস সব ধরনের দখলদারি প্রতিরোধ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে।
