মাওলানা মাসুদ আজহারের ভাই ও ছেলেসহ আটক ৪৪

ফাতেহ ডেস্ক

স্বাধীনতাকামী জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের ভাই ও ছেলেসহ ৪৪ জনকে আটক করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠির বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সমুদ্রসীমায় ভারতের সাবমেরিন প্রবেশের চেষ্টা রুখে দেয়ার ইসলামাবাদের দাবি নাকচ করেছে দিল্লি।

গতকাল মঙ্গলবার জইশ-ই-মুহাম্মাদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রউফ ও ছেলে হামাজ আজহারসহ ৪৪ জনকে আটক করার কথা জানান দেশটির স্বরাষ্ট্রসচিব আজম সুলেমান খান। তাদের আগামী ১৪ দিন কারাগারে রাখা হবে। তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আজম সুলেমান খান বলেন, সব নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চলছে। এর মধ্যে কয়েকটি সংগঠনের নাম দিয়েছে ভারত সরকার। আমরা তাদের কাছ থেকে আরও প্রমাণ চেয়েছি। পুরো বিষয়টি দেখছে পররাষ্ট্র দপ্তর । বিভিন্ন সংগঠনের ৪৪ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেলে, পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

১৪ই ফেব্রুয়ারি কাশ্মিরে হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ। এরপরই সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয় ইউনিয়ন। তবে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ নেই বলে দাবি করেন, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি।

এদিকে, সমুদ্রসীমায় ভারতের সাবমেরিন প্রবেশের চেষ্টা রুখে দেয়ার ইসলামাবাদের দাবি নাকচ করেছে দিল্লি। ভারতীয় নৌবাহিনী জানায়, ভুল তথ্য ছড়াচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের এ ধরণের মিথ্যা প্রচারণার সমালোচনা করে ভারতীয় নৌবাহিনী। এর আগে, পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র জানান, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বহাল রাখতেই ভারতীয় সাবমেরিনটির ওপর হামলা চালানো হয়নি।

উত্তেজনা নিরসনে ভারত-পাকিস্তানকে আবারো আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আগের সংবাদকুর্দিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাবে তুরস্ক-ইরান
পরবর্তি সংবাদউদীয়মান পাঁচ তরুণ লেখককে নিয়ে নবধ্বনির বিশেষ সান্ধ্যভোজ অনুষ্ঠিত