স্কুল-মাদরাসায় শারীরিক শিক্ষার ক্লাসে ‘শাহানা কার্টুন’ দেখানোর নির্দেশ

মাধ্যমিক স্কুল ও মাদরাসায় শারীরিক শিক্ষার ক্লাসে ‘শাহানা কার্টুন’ দেখানোর নির্দেশ

ফাতেহ ডেস্ক :

মাধ্যমিক বিদ্যালয়সহ মাধ্যমিক পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার (দাখিল) নির্দিষ্ট ক্লাসে ‘শাহানা কার্টুন’-এর ছয় পর্ব দেখানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতেই শারীরিক শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের সংশ্লিষ্ট অধ্যায় পাঠে এই কার্টুন দেখাতে বলা হয়েছে।

মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে ২৬ জানুয়ারি এই নির্দেশনা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সব প্রতিষ্ঠানে কার্টুনের সিডি সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন মাউশির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, পাঠ-পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচিত কার্টুনের পর্বগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে দেখানো হবে।

ষষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা বইয়ের ‘আমাদের জীবনে বয়ঃসন্ধিকাল’ শীর্ষক অধ্যায়ের পাঠ পরিকল্পনা তৈরি করে ‘নতুন অনভূতি নতুন চিন্তা’ শীর্ষক চার নম্বর পর্ব ও ‘মজার খেলা’ শীর্ষক দশম নম্বর পর্বটি ক্লাসে দেখানো হবে। চার নম্বর পর্বের বিষয়বস্তু বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা। এ পর্বের বিষয়বস্তু বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন, স্বপ্নদোষ ও ভ্রান্ত ধারণা।

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘বাংলাদেশের সামাজিক সমস্যা’ শীর্ষক অধ্যায়ে পাঠ পরিকল্পনা তৈরির মাধ্যমে ‘শাহানা ও তার সঙ্গীরা’ শিরোনামের এক নম্বর পর্বটি দেখানো হবে। এ পর্বের বিষয়বস্তু বাল্য বিবাহ, ২০ বছরের আগে সন্তান জন্মদানে স্বাস্থ্যগত জটিলতা, ব্যাল্য বিবাহ প্রতিরোধ ও আইনি সহায়তা।

শাহানা কার্টুনঅষ্টম শ্রেণির শারীরিক শিক্ষা বইয়ের ‘আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য’ শীর্ষক অধ্যায়ের পাঠ পরিকল্পনা তৈরি করে শাহানা কার্টুনের ‘সঠিক সময়ে সঠিক যত্ন’ শীর্ষক তিন নম্বর পর্ব দেখাতে হবে। এ পর্বের বিষয়বস্তু অপরিণত বয়সে গর্ভধারণ, কন্যা শিশুর যত্ন, স্বাস্থ্যগত ঝুঁকি ও প্রসব পরবর্তী ফিস্টুলা।

নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘বাংলাদেশের সামাজিক পরিবর্তন’ অধ্যায়ের পাঠ পরিকল্পনা তৈরি করে ‘আমরাও পারি’ শীর্ষক পাঁচ নম্বর পর্বটি ক্লাসে দেখাতে হবে। এ পর্বের বিষয়বস্তু আত্মনির্ভরশীলতা, নারীর পেশাগত বৈচিত্র্য।

নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ‘বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার’ অধ্যায়ের পাঠ পরিকল্পনা তৈরি করে ‘আমরাই রুখবো’ শীর্ষক দুই নম্বর পর্বটি ক্লাসে দেখাতে হবে। এ পর্বের বিষয়বস্তু হচ্ছে যৌন হয়রানি, নারী নির্যাতন/শারীরিক নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশের জন্য নির্মিত হয় ‘শাহানা ইন্সপাইরিং চেঞ্জ’ নামের এই কার্টুনটি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং সুইজারল্যান্ড দূতাবাস যৌথভাবে এটি তৈরি করে। বয়ঃসন্ধিকালীন সমস্যা, যৌন হয়রানি, বাল্য বিয়ের কুফল, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের পথ খোঁজে ১৭ বছরের কিশোরী শাহানা। বন্ধুদের সহায়তায় সামাজিক আন্দোলনের মাধ্যমে তার উদ্যোগ সফল হয়। সমাজে বিদ্যমান এসব সমস্যা সমাধানের গল্পই দেখানো হয়েছে শাহানা কার্টুনে।

আগের সংবাদশিক্ষিকাদের নেকাব পরায় নিষেধাজ্ঞা বহাল রাখলো মিসরের আদালত
পরবর্তি সংবাদসীমান্তে হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান ইশা ছাত্র আন্দোলনের