মিরপুর ১১ নম্বর মারকাজ মসজিদে আজ বাদ এশা বয়ান করবেন ভারতের মাওলানা জায়েদ মাজাহেরি

ফাতেহ ডেস্ক

বিশেষ এক দাওয়াতি সফরে আজ শুক্রবার সকালে বাংলাদেশে এসেছেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জায়েদ মাজাহেরি। রাজধানীর কুড়িল বিশ্ব রোডস্থ কুড়াতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুমাপূর্ব আলোচনা ও জুমার সালাত আদায় করেছেন তিনি।

বাদ এশা (আজ শুক্রবার) মিরপুর ১১ নম্বর সেক্টরে তাবলিগের মারকাজ মসজিদে তিনি বিশেষ বয়ান রাখবেন। ফাতেহ টোয়েন্টি ফোরকে এ খবর নিশ্চিত করেছেন আলেমপন্থী তাবলিগি সাথি মাওলানা ওয়াসিফুল আমীন।

এক নজরে মাওলানা জায়েদ মাজাহেরির সংক্ষিপ্ত পরিচয়
মাওলানা মুফতি মুহাম্মদ জায়েদ মাজাহেরি সাহেব ভারতের ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌতে হাদিস ও ফেকাহর উসতায হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁকে ভারতের অন্যতম বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ মেজাজের অধিকারী এবং উম্মাহর জন্যে ব্যথিত অন্তর লালনকারী সাহিবে দিল বুজুর্গ মনে করা হয়।

তিনি দীর্ঘদিন হজরত মাওলানা সাইয়্যেদ সিদ্দিক আহমদ বান্দাবি রহ.-এর সংশ্রবে ছিলেন, তাঁর তত্ত্বাবধানে আত্মশুদ্ধির মেহনত করেছেন এবং তাঁর কাছ থেকে খিলাফত লাভ করেছেন।

মুফতি জায়েদ সাহেবের রচনাবলির সংখ্যা দেড় শতাধিক। মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলি নদভি রহ. তাঁর গবেষণালব্ধ রচনাবলি পড়ে আন্তরিক প্রীতি জানিয়েছেন।

শায়খুল ইসলাম মাওলানা মুফতি তাকি উসমানি সাহেব তাঁর বিশ্ববিখ্যাত রচনা ‘গায়রে সূদি ব্যাংকারি’ গ্রন্থে মুফতি জায়েদ মাজাহেরি সাহেবের প্রবন্ধ থেকে বিভিন্ন চয়নিকা উদ্ধৃত করেছেন।

ভারতের বিখ্যাত মাদরাসা মাজাহিরুল উলুম সাহারানপুরের শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইউনুস রহ. তাঁর জ্ঞানঋদ্ধ বইগুলো দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং তাঁর রচনাবলির ওপর আস্থা জানিয়েছেন।

এইচআর/

আগের সংবাদনিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী জঙ্গি ট্রাম্পের একনিষ্ঠ অনুসারী
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডের মসজিদ-হামলায় পশ্চিমাদের ইসলাম-বিদ্বেষ ও বর্ণবাদকে দায়ী করলেন এরদোগান