সিরিয়া থেকে অন্য দেশ সেনা প্রত্যাহার না করলে আমরাও করব না : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়া থেকে অন্য দেশ যতক্ষণ পর্যন্ত সেনা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত তুরস্কও সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। খবর আল-জাজিরা।

গত শুক্রবার এরদোগান সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একজন সন্ত্রাসীও থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে সরে আসব না; এটি হচ্ছে একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যতক্ষণ পর্যন্ত অন্য দেশ সেনা প্রতাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরাও সিরিয়া থেকে সরে আসব না। আমরা সিরিয়ার ঐক্য ও সংহতি চাই; আমরা কখনো চাই না সিরিয়া ভেঙে যাক।’

এরদোগান জোর দিয়ে বলেন, ‘সিরিয়ার অখণ্ডতা রক্ষার জন্য যদি কোনো দেশ সেখানে সেনা মোতায়েন করে তাহলে তাদেরকে এ বিষয়ে প্রমাণ দিতে হবে।কারণ রাশিয়া, ইরান কিংবা আমেরিকা কারো সাথেই সিরিয়ার সীমান্ত নেই।’

উল্লেখ্য, গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় তুরস্ক কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। আন্তর্জাতিক সমালোচনার মুখে আমেরিকা এবং রাশিয়ার সাথে এরদোগান চুক্তি সই করে যার অধীনে তুরস্ক সীমান্ত থেকে সিরিয়ার ৩২ কিলোমিটার ভেতরে কুর্দি গেরিলাদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন ও মস্কো। তবে তুরস্ক বলছে, প্রতিশ্রুতি মতো এখনও সব গেরিলা সরে যায়নি। আগামী ১৩ নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন রজব তাইয়েব এরদোগান।

 

আগের সংবাদইরাকে সরকারবিরোধী বিক্ষোভে আবারও গুলি, নিহত ৫
পরবর্তি সংবাদশীর্ষস্থানীয় আলেমদের হজ বিষয়ক সেই ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন ধর্ম প্রতিমন্ত্রী