আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘২০২৪ সালের মধ্যে সারা দেশে এনআরসি হবেই। প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে তাড়াব।’
সোমবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনী প্রচারণায় এসে হুঁশিয়ারির সুরে এমনটাই বলেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘রাহুল বাবা (কংগ্রেস নেতা রাহুল গান্ধী) বলছেন, ওদের তাড়িয়ে দেবেন না। ওরা কোথায় যাবে, কী খাবে? কিন্তু, আমি সবাইকে জানিয়ে দিতে চাই, ২০২৪ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে।’
এদিন, রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় উল্লেখ করে কংগ্রেসের সমালোচনাও করেছেন বিজেপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, সোনিয়া গান্ধীর দল এই মামলায় শুনানি বন্ধ রাখার দাবি জানিয়েছিল। কিন্তু, মানুষের সমর্থন নিয়ে মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। শেষে, সর্বোচ্চ আদালত রামমন্দির তৈরির পক্ষেই রায় দিয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেও পার্লামেন্টে দাঁড়িয়ে সারা দেশে এনআরসি কার্যকর করার কথা ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে পার্লামেন্টের ভিতরে ও বাইরে তুমুল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। বিরোধীদের তোপে পড়ে বিজেপিও। পাশাপাশি, পশ্চিমবঙ্গে তিনটি বিধানসভা উপনির্বাচনের প্রত্যেকটিতেই শোচনীয়ভাবে হেরে গিয়েছে বিজেপি। এর জন্য এনআরসি নিয়ে দলীয় নেতৃত্বের অবস্থানকেই দায়ী করেছিলেন বিজেপির বেশ কিছু রাজ্য নেতা।
