৫০ টি আসনে নির্বাচনের প্রস্তুতি জামায়াতের

ফাতেহ ডেস্ক : নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামী এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ সারা দেশের প্রায় অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।

তন্মধ্যে ২৪টি আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে জামায়াত। জোট থেকে ২৫টিতে টিকিট পেলেও রংপুরের একটি আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেনি দলটি। এছাড়া আরও ২৫ থেকে ৩০টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত। তবে এখনও আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের দরকষাকষি চলছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

এ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ২৫টি আসনে জোটের প্রার্থী হিসেবে জামায়াত নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামার সিদ্ধান্ত হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আরও চার-পাঁচটি আসনের বিষয়ে দরকষাকষি চলছে। এর বাইরে আরও কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট কথা অর্ধশত আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে জামায়াতের। তবে জোটের সঙ্গে সমঝোতা হলে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করা হবে।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম বলেন, ‘সারা দেশের অর্ধশত আসনে জামায়াত নেতারা মনোনয়নপত্র কিনেছেন। ওইসব আসনে জোটগতভাবে নির্বাচন করার চেষ্টা করছেন তারা।’

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা হয়েছিল ২৫ আসনে। এসব আসনে জামায়াত প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আসনগুলি হল- ঠাকুরগাঁও-২ (মাওলানা আবদুল হাকিম), দিনাজপুর-১ (মাওলানা মোহাম্মদ হানিফ), দিনাজপুর-৬ (মোহাম্মদ আনোয়ারুল ইসলাম), নীলফামারী-২ (মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু), নীলফামারী-৩ (মোহাম্মদ আজিজুল ইসলাম), গাইবান্ধা-১ (মাজেদুর রহমান সরকার), সিরাজগঞ্জ-৪ (মাওলানা রফিকুল ইসলাম খান), পাবনা-৫ (মাওলানা ইকবাল হুসাইন), ঝিনাইদহ-৩ (অধ্যাপক মতিয়ার রহমান), যশোর-২ (আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন), বাগেরহাট-৩ (অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ), বাগেরহাট-৪ (অধ্যাপক আবদুল আলীম), খুলনা-৫ (অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার), খুলনা-৬ (মাওলানা আবুল কালাম আযাদ), সাতক্ষীরা-২ (মুহাদ্দিস আবদুল খালেক), সাতক্ষীরা-৩ (মুফতি রবিউল বাশার), সাতক্ষীরা-৪ (গাজী নজরুল ইসলাম), পিরোজপুর-১ (শামীম সাঈদী), ঢাকা-১৫ (ডা. শফিকুর রহমান), কুমিল্লা-১১ (ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের), চট্টগ্রাম-১৫ (আ ন ম শামসুল ইসলাম), কক্সবাজার-২ (হামিদুর রহমান আজাদ), সিলেট-৫ (মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী), সিলেট-৬ (মাওলানা হাবিবুর রহমান) ও রংপুর-৫ আসনে (অধ্যাপক গোলাম রব্বানী)।

আগের সংবাদরাজনীতিতে থাকছেন না সাকা পরিবার!
পরবর্তি সংবাদডিবি পরিচয় দিয়ে তুলে নেওয়া হলো সুপ্রিম কোর্টের আইনজীবীকে