
ফাতেহ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়ার পর থেকে তার পরিবার রাজনীতিতে অনেকটা কোণঠাসা। চট্টগ্রামে এবারই প্রথম সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের প্রার্থী নেই বিএনপিতে।
দীর্ঘদিন ধরে উত্তর চট্টগ্রামে ভোটের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সাকা চৌধুরীর পরিবারের কেউ প্রার্থী হচ্ছেন না এবার। এর মাধ্যমে মূলত চট্টগ্রামের রাজনীতি থেকেও সাকা পরিবারের বিদায় হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই।
এবার ফটিকছড়ি থেকে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া থেকে ছেলে হুম্মাম কাদের চৌধুরী মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত এদের কেউই মনোনয়ন পাননি।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল সাকা চৌধুরীর পরিবার নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ওই পরিবারের কেউ নির্বাচন করছেন না।
দলীয় সূত্রমতে, সাকা চৌধুরী বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বেশ কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আর যতবারই সংসদ নির্বাচন করেছেন, ততবার কোনো না কোনো আসনে বিজয়ী হয়েছেন।
রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির তিনটি আসন থেকে ছয়বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। প্রথম তিন সংসদ নির্বাচনে রাউজান থেকে এমপি হলেও পরের তিন নির্বাচনে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির দুটি আসনে নির্বাচন করেছিলেন। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হওয়ার সময় তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এসব কারণে চট্টগ্রামের রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপ খাটাতো সাকা পরিবার।
দলীয় সূত্র থেকে জানা যায়, সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে নিজ থেকেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। এ অবস্থায় নির্বাচনী লড়াইয়ে এবারই প্রথম সাকা পরিবারের কোনো সদস্য থাকছেন না নির্বাচনী লড়াইয়ে।
বিকালে অঅনুষ্ঠিত হবে বিএনপির সংবাদ সম্মেলন ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। সমসাময়িক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে।
