
ফাতেহ ডেস্ক: ১৯৬৭ সাল থেকে ২৫৬ বর্গমাইল (৬৬ হাজার হেক্টর) জমি পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা আর্থ অবজারভেটরি প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে খবর প্রকাশ করেছে ইউএনবি।
খবরে বলা হয়, পদ্মার এ ভয়ানক তীব্র ভাঙনের পেছনে দুটি ব্যপার কাজ করে। একটি হচ্ছে, নদীর মুক্তপ্রবাহের জন্য সুরক্ষার তেমন ব্যবস্থা নেই। অপরটি হচ্ছে, নদীর তীরে একটি বড় বালুচর রয়েছে, যা দ্রুতই ভাঙতে পারে।
স্যাটেলাইট ছবিতে পদ্মার প্রস্থ, গভীরতা, গঠন এবং সামগ্রিক আকারের পার্থক্য পর্যবেক্ষণ করে গত ৬৭ বছরে নদীর এই ভাঙন পরিমাপ করেছেন নাসার বিজ্ঞানীরা। ১৯৮৮ সাল থেকে বছর বছর পদ্মার আকৃতি এবং প্রস্থের পরিবর্তনগুলোর সঙ্গে নাসার ‘ভাঙনের আকৃতি’ শীর্ষক প্রতিবেদনে স্যাটেলাইট ছবিগুলোর তুলনা করা হয়েছে।শুস্ক মৌসুম অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নাসার ল্যান্ডস্যাট স্যাটেলাইট থেকে ছবিগুলো তোলা হয়েছে।
নাসা আর্থ অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়, গবেষকরা বহু বছর ধরে পর্যবেক্ষণের মাধ্যমে নদীর বৃদ্ধি নির্ণয় করেছেন। নদীর তলদেশে বিভিন্ন উৎস থেকে আসা পলি জমতে পারে। ১৯৫০ সালে ভূমিকম্পে যে ভূমিধস হয়েছিল তার কিছুটা পলি হিসেবে নদীর তলদেশে জমেছে।
প্রতিবেদনে স্যাটেলাইট ছবিগুলো পর্যবেক্ষণ করে বলা হয়েছে, গত ত্রিশ বছর ধরে পদ্মা তুলনামূলক সংকীর্ণ, সোজাসুজি অবস্থান পরিবর্তন করেছে। তবে চিন্তার বিষয় হচ্ছে এই যে, সাম্প্রতিক প্রমত্তা এ নদীর গতিপথ আঁকাবাঁকা হয়ে গেছে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা অঞ্চলের নিকটবর্তী অতি ভাঙন-প্রবণ এলাকায় স্যাটেলাইট ছবিতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ করা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নদীর রেখাচিত্রের বক্ররেখাটি ১৯৯২ সাল থেকে বিকশিত হতে শুরু করে। ১৯৯৫-৯৬ সাল থেকে নদীর রেখাচিত্র তীব্রভাবে বেঁকে যায়। ২০০২ সাল থেকে এই রেখার পতন শুরু হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।
পদ্মা সেতু নির্মাণে নদীর ভাঙন কিছু অঞ্চলে হুমকি সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে নাসা। তবে অনেক গবেষক তা মানতে নারাজ। তারা বলছেন, পদ্মা সেতু নির্মাণের ফলে জমি প্রকৃতপক্ষে স্থির হতে পারে এবং এটি শেষ হওয়ার পর নদীভাঙন হ্রাস পেতে পারে। স্বস্তির বিষয় এই যে, সাম্প্রতিক বছরগুলোতে পদ্মার ভাঙনের হার প্রকৃতপক্ষে হ্রাস পেয়েছে।
