জাতিসংঘে গিয়ে দেশের ইমেজ নষ্ট করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: বিএনপি মহাসচিবকে জাতিসংঘের আমন্ত্রণ ভাওতাবাজি। এনিয়ে মিথ্যাচার করছে দলটি। শনিবার সন্ধ্যায় গণভবনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ার করে বলেন, সরকার কারো মুখ বন্ধ করেনি। তবে কেউ উস্কানি দিয়ে সংঘাত তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সময় উন্নয়ন প্রকল্প দৃশ্যমান হওয়ার পরেও যারা সরকারের সমালোচনা করেন তাদের চোখ থাকতেও অন্ধ বলে সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

বিএনপির সমালোচনা করে সরকার প্রধান বলেন, জাতিসংঘের আমন্ত্রণে বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্র গেছেন বলে যে খবর ছড়ানো হয়েছ তা ধোঁকাবাজী।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো পথ খোলা নেই।

সোহরাওয়ার্দী উদ্যানে কেউ সরকারবিরোধী সমাবেশ করতে চাইলে বাধা দেয়া হবে না বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।

আগের সংবাদ৫১ বছরে পদ্মা গিলেছে ২৫৬ বর্গমাইল জমি
পরবর্তি সংবাদনির্মাণ খাতে দুর্ঘটনায় ১০ বছরে নিহত ১৫০৯