অভিযানের পরেও চলছে ভেজাল খাদ্য উৎপাদন

ফাতেহ ডেস্ক: বারবার অভিযানেও বন্ধ হচ্ছে না ভেজাল খাদ্য উৎপাদন। সোমবার নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এক খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নৈতিকতার অবক্ষয় আর অতি মুনাফার লোভেই এসব প্রতিষ্ঠান চালু থাকে। জনবল সংকটের কারণে নিয়মিত নজরদারি সম্ভব হয় না বলেও মন্তব্য এই কর্মকর্তার।

কল ছাড়লেই বোতল ভর্তি ম্যাংগ ড্রিংক। প্যাকেজিং শেষ চলে যাচ্ছে বাজারে। একইভাবে লিচু ড্রিংক, ডেইরি মিল্ক চকলেটসহ ছয়টি খাদ্যপণ্য প্রস্তুত করা হয় নারায়ণগঞ্জের আফসারা এগ্রো অ্যান্ড ফুড প্রোডাক্টস্ লিমিটেডের এই কারখানায়। অথচ এসব খাদ্যের পুরোটাই তৈরি রাসায়নিক, সুগন্ধি আর রং মিশিয়ে।

প্রতিষ্ঠানের মালিক ওয়াজেদ মিয়া চার তলা ভবনের সামনে কলেজের সাইনবোর্ড ঝুলিয়ে ভেতরে গড়ে তুলেছেন নকল পণ্যের এই কারখানা। গাড়িতে ব্যবহার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার। দুই বছর আগেও এই প্রতিষ্ঠাকে অর্থদণ্ড দিয়েছিল আদালত। এবার সিলগালা করা হলো প্রতিষ্ঠানটি। আর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া সাত জনকে। জরিমানা করা হয় ছয় লাখ টাকা।

একই এলাকার নুর ফুড প্রোডাক্টের কারখানায়ও অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির নোংড়া পরিবেশ, আর খাদ্যপ্রস্তুতে অনুমোদিত রাসায়নিক ব্যবহারের দায়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আগের সংবাদআত্মতুষ্টিতে ভুগলে পতন অনিবার্য: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদরাজশাহীতে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা