
ফাতেহ ডেস্ক : হাইয়াতুল উলইয়ার আজকের শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২০) নামের এক কওমি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ আমেনা বেগম টাইটেল মাদরাসার মেশকাত জামাতের শিক্ষার্থী।
সাইফুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুরে। রোববার (৪ নভেম্বর) সকালে মাদরাসার অন্যান্য ছাত্র শিক্ষকদের সঙ্গেই সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত শুকরানা মাহফিলে আসেন। তার পিতার নাম মুসলিম উদ্দীন মাতার নাম পারভীন বেগম।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাঈদ আল মামুন বলেন, ৬২ জন ছাত্র নিয়ে আমি শুকরানা মাহফিলে এসেছিলাম। মাহফিল চলাকালীন একটি খুঁটিতে থাকা বিদ্যুতের লাইনে হাত লাগলে সঙ্গে সঙ্গে সাইফুলের শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
