
ফাতেহ ডেস্ক : জাতীয়তাবাদ নাকচে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। প্রথম বিশ্বযুদ্ধ শেষের শততম বার্ষিকীতে এ আহ্বান জানান তিনি।
ফ্রান্সের প্যারিসে নানা আয়োজনে দিনটি স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলসহ ৭০ বিশ্বনেতা।
এ বছর পালন করা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ। প্যারিসের আক দ্য ত্রিয়ুফে বিশ্বনেতাদের সমাগমের উপলক্ষ্যও এটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনা সদস্য ও তাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ২০ মিনিটের ভাষণে স্বদেশপ্রেমকে জাতীয়তাবাদের সম্পূর্ণ বিপরীত বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।
ফ্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, বিশ্বজনীনতার ধারণার প্রবক্তা ফ্রান্স। অন্ধকার সময় পেছনে ফেলে আলোর পথে এগিয়ে যাওয়ার নেতৃত্বে ছিলাম আমরা। তাই শুধু নিজের স্বার্থচিন্তা, আত্মগরিমা ফ্রান্সের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
এ কারণেই জাতীয়তাবাদ দেশপ্রেমের সম্পূর্ণ বিপরীত। সেজন্য বলতে চাই, ‘আমাদের স্বার্থই সবচেয়ে আগে’- এমন কথা বলে আপনি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয়টিই মুছে ফেলছেন- সেটা হলো, নৈতিক মূল্যবোধ।
পরে এলিসি প্রাসাদে ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলসহ অন্যান্য রাষ্ট্রনায়করা।
পরে প্যারিসের একটি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মহাযুদ্ধে নিহত রুশ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান ভ্লাদিমির পুতিন। সুহেন আমেরিকান সিমেট্রিতে শ্রদ্ধা জানান ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, ফ্রান্সের উত্তরাঞ্চলে গণকবরে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ স্মরণ করা হয় বিশ্বের অন্যান্য দেশেও। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে দুই মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ভ্যাটিকান সিটি এবং বেলজিয়ামেও প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সামরিক মহড়া এবং বিমান থেকে পপি ফুল ফেলার মধ্য দিয়ে দিনটি স্মরণ করেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াবাসী। প্রথম মহাযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
