খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

ফাতেহ ডেস্ক: দুদকের করা মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া চার সপ্তাহের মধ্যে তাদেরকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খোকার ছেলেমেয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদক পৃথক দুই নোটিশে ইশরাক হোসেন ও সারিকা সাদেকের নিজের নামে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/ সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়। কিন্তু তারা সম্পদ বিবরণী জমা দেননি। পরে দুদকের সহকারী পরিচালক শামসুল আলম ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় দুটি মামলা করেন।

প্রসঙ্গত, ঢাকা-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তার বাবা সাদেক হোসেন অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন।

গতকাল এক মামলায় সাদেক হোসেনসহ চারজনের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

আগের সংবাদসিলেটে মনোনয়ন নিয়ে জটিলতা প্রধান দুই জোটে
পরবর্তি সংবাদ১২১ এএসপিকে বদলি