
ফাতেহ ডেস্ক
সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন তিনি।
১৮ পৃষ্ঠার ইশতেহারে ২১টি বিশেষ অঙ্গীকার তুলে ধরে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন ও সমৃদ্ধি উপহার দেবে আওয়ামী লীগ। ইশতেহারে ৫ বছরে জিডিপি ১০ শতাংশে উন্নীত করা, ২০৩০ সালে মাথাপিছু আয় ৫ হাজার ৪৭৯ ডলারে উন্নীত করারো প্রতিশ্রুতি দেন। এ ছাড়াও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, জঙ্গি-সন্ত্রাস-মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন শেখ হাসিনা।
তিনি বলেন, প্রতিটি গ্রামকে শহরে উন্নীত ও ৫ বছরে প্রতিটি ঘরে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি প্রতি পরিবারে অন্তত একজনের নিয়মিত রোজগার নিশ্চিত ও একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করবে আওয়ামী লীগ। জেলা-উপজেলায় কলকারখানা, যুব প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন স্থানে আইটি পার্ক গড়ে তোলা হবে।
শিল্পশ্রমিকদের মৌলিক অধিকার সুরক্ষা করা হবে, গ্রামীণ, ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য রেশনিং প্রথা চালু করা হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদকে আরও শক্তিশালী করার পরিকল্পনা আওয়ামী লীগের।
কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না, সারা দেশে ৫৬০টি মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সম্মুন্নত রাখা হবে, প্রযুক্তি নির্ভর দক্ষ, সেবামুখী ও জবাবদিহি প্রশাসন গড়ার প্রক্রিয়া চলমান রাখার অঙ্গীকার আওয়ামী লীগের।
আগামী ১০০ বছরের ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকার আছে ইশতেহারে ।
