
ফাতেহ ডেস্ক
হাইকোর্টের নির্দেশের ২ বছর পরও কোনো ইংরেজি মাধ্যমের স্কুলে পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে না। এ কারণে স্কুলগুলো ইচ্ছামত বেতনসহ অন্যান্য ফি আদায়ের সুযোগ পাচ্ছে, অভিযোগ অভিভাবকদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে এ সংক্রান্ত নীতিমালা তৈরি হচ্ছে শিগগিরই।
তিন মাসের মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের জন্য হাইকোর্ট নির্দেশনা দেয় ২০১৭ সালের মে মাসে। কমিটিতে অভিভাবক প্রতিনিধি রাখাসহ কিছু শর্তপালন বাধ্যতামূলক করা হয়।
অথচ ইংরেজি মাধ্যমের একটি স্কুলও এই নির্দেশনা মানেনি বলে আছে অভিযোগ। এ ছাড়া ইচ্ছামত বেতন, ফি, জরিমানার নামে জবরদস্তিমূলক অর্থ আদায়ের অভিযোগ করেন অভিভাবকরা।।
প্রতিবছরই ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থী সংখ্যা বাড়লেও এর উপর নিয়ন্ত্রণ নেই সরকারের। তাই শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এগুলো নিয়ন্ত্রণে প্রয়োজন দ্রুত একটি সুনির্দিষ্ট নীতিমালা। সেই সাথে দরকার সরকারের কঠোর নজরদারি।
শিক্ষামন্ত্রণালয় বলছে, কয়েকদফা নির্দেশ দিলেও কোন স্কুলই তা আমলে নেয় নি। এ অবস্থায় ম্যানেজিং কমিটি গঠন ,ভর্তি ফি নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি নীতিমালার খসড়া চুড়ান্ত হয়েছে।
আর স্কুল কর্তৃপক্ষ বলছে তারাও চায় নীতিমালা। তবে সেটি চূড়ান্ত করতে হবে আলোচনার মাধ্যমে। সারা দেশে নিবন্ধিত ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা প্রায় ৩৫০। এর বাইরে নিবন্ধন ছাড়াও অনেক স্কুল কার্যক্রম চালাচ্ছে।
