জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

আগামী পাঁচ বছরে টেকসই ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নিশ্চিত করা হবে সবার জন্য স্বাস্থ্যসেবা। আর দক্ষ চিকিৎসক তৈরিতে স্বাস্থ্যশিক্ষায় থাকবে বিশেষ গুরুত্ব।

স্বাস্থ্যসেবায় এগুলেও রোগীসেবায় এখনো টেকসই ব্যবস্থা করা যায়নি।

নতুন স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সব শ্রেণির মানুষের জন্য সেবা নিশ্চিত করতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। প্রতিটি বিভাগে করা হবে ক্যান্সার হাসপাতাল। জেলা পর্যায়েও মিলবে কিডনি ও হৃদরোগের মানসম্মত সেবা। ৬৫ বছরের বেশি বয়স্করা বিনামূল্যে পাবেন চিকিৎসা সেবা।

সরকারি হাসপাতালে ভোগান্তি কমাতে থাকবে বিশেষ মনিটরিং। বেসরকারি হাসপাতালেও বেধে দেয়া হবে সেবা-মূল্য। পাঁচ বছর পর কোনো রোগীকে আর বিদেশে চিকিৎসা নিতে যেতে হবে না বলে মনে করেন মন্ত্রী।

অবৈধ হাসপাতালগুলোকে নিবন্ধনের আওতায় আনা, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, মেডিকেল শিক্ষায় মান উন্নয়ন বড় চ্যালেঞ্জ। সেজন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নতুন স্বাস্থ্যমন্ত্রীর।

প্রতিটি ক্ষেত্রে শক্ত নজরদারি করতে পারলে রোগী হয়রানি কমিয়ে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

আগের সংবাদব্যাপক পরিবর্তন আসছে এবারের একুশে বইমেলায়
পরবর্তি সংবাদফ্রান্সে আবারও বিক্ষোভ