
ফাতেহ ডেস্ক
নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তিনি বলেছেন, ভোটের দিন গণমাধ্যম, নির্বাচনী কর্মকর্তা, নির্বাহী-বিচারিক হাকিম ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা কারও কাছ থেকে অনিয়মের কোনো তথ্য না পাওয়ায় টিআইবির প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছি।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) এক অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের একথা বলেন।
টিআইবির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘তাদের প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কারণ তারা (টিআইবি) অনিয়মের অভিযোগ তুললেও সেদিন গণমাধ্যম ও নির্বাচনের মাঠে থাকা ভোটগ্রহণ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের অনিয়ম হয়েছে বলে তথ্য পাইনি আমরা। এজন্য টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।’
ইসি ও আইন শৃঙ্খলাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত বলেও মন্তব্য করেছে টিআইবি। এ বিষয়ে টিআইবির বক্তব্যকে ‘অসৌজন্যমূলক’ বলে মন্তব্য করেন সিইসি।তবে টিআইবির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার বিষয়েও উদ্যোগী হবেন না বলে জানান সিইসি।
তিনি বলেন, ‘এটা অসৌজন্যমূলক বক্তব্য, তাদের এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। তবে আমরা এ নিয়ে কোনো ব্যবস্থা নেবো না।’
