
ফাতেহ ডেস্ক
সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে মন্ত্রিপরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে নতুন সরকার গঠন করা হয়েছে। বর্তমান সরকারের উপর জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। তাদের সে প্রত্যাশা পূরণই নতুন সরকারের একমাত্র লক্ষ্য। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় এ বৈঠক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে।
নিয়মানুযায়ী, ৪৭ সদস্যের নতুন মন্ত্রিপরিষদের সব সদস্য বৈঠকে উপস্থিত রয়েছেন। সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তার খসড়া আজকের প্রথম মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হতে পারে।
