
ফাতেহ ডেস্ক
সিরিয়ার চলমনা সহিংসতা কটিয়ে উঠতে মানবিজের নিরাপত্তার দায়িত্ব গ্রহণে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
গতকাল রোববার ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
গত সপ্তাহে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মানবিজ শহরে আইএসের বোমা হামলায় সেনাসহ চার আমেরিকান নিহত হন। এই ঘটনার পর এখন মানবিজের নিয়ন্ত্রণ গ্রহণে আঙ্কারা প্রস্তুত বলে ওয়াশিংটনকে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে আইএসের কাছ থেকে মানবিজের দখল নেয় মার্কিন-সমর্থিত বাহিনী। এখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে মানবিজ। তারা যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বাহিনী ওয়াইপিজির মিত্র।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোগান মানবিজে আইএসের বোমা হামলাকে একটি উসকানিমূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, এই হামলার উদ্দেশ্য হলো গত মাসে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে প্রভাবিত করা।
