
ফাতেহ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মুসলিম কমিউনিটির ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগে এক কিশোরসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক- আইইডি ও ২৩টি অস্ত্র জব্দ করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নিউ ইয়র্কের গ্রিস শহরের কাছে ইসলামবার্গ নামের ওই ক্ষুদ্র মুসলিম কমিউনিটি পাকিস্তানি এক ধর্মীয় নেতার অনুসারী। এখানে মূলত আফ্রিকান আমেরিকান মুসলিমদের বসবাস।
ইসলাম বার্গে তাদের প্রশিক্ষণ দেয়া হয় এমন প্রচারণা চালিয়ে আসছিল স্থানীয়রা। পুলিশের ধারণা, এই ইসলামোফোবিয়া থেকেই তারা হামলায় উৎসাহিত হয়।
খবরে বলা হয়, সম্প্রতি নিউ ইয়র্কের গ্রিস শহরে একটি স্কুলে ১৬ বছর বয়সী এক কিশোর হামলার বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে। এরপর পুলিশ ওই কিশোরকে অনুসরণ করে বিষয়টি নিশ্চিত হয়। পরে কিশোরসহ পরিকল্পনায় জড়িত থাকা তিন যুবককে আটক করে। এ সময় তাদের কাছে সংগ্রহে থাকা বিস্ফোরক দ্রব্য (আইইডি) ও ২৩টি অস্ত্র জব্দ করা হয়।
আজ বুধবার ওই তিন যুবককে আদালতে হাজির করা হবে। তাদের চারজনের বিরুদ্ধেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
