
ফাতেহ ডেস্ক
বিএসএফের গুলিতে বাংলাদেশিদের প্রাণ হরণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। এবার প্রাণ দিতে হলো আসাদুল ইসলাম (২৯) নামক এক যুবককে।
শনিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ম্যাচেরঘাট সীমান্তের ৮০২ ও ৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আসাদুল ইসলাম উপজেলার বাউঢ়া ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে।
রংপুর ৫১ বিজিবির লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে ওই সীমান্তে গুলির শব্দ পেয়েছি।
তবে মারা যাওযার বিষয়টি তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।
বাউঢ়া ইউনয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দুলাল বসু মিয়া গণমাধ্যমকে জানান, সীমান্তের ওই পারে লাশ পড়ে আছে এ কথা শুনেছি। কিন্তু আমি এখনো চোখে দেখিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি গরু কারবারি দল উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সানিয়াজান নদীর ভারতীয় অংশে কাঁটাতারের এলাকায় গরু পারাপার করতে গেলে ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আসাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিএসএফ ঘটনাস্থল থেকে ৮টি গরু উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গরু ও আসাদুলের মরদেহ নিয়ে যায় তারা।
এইচআর/
