ওয়াজেহ রশীদ নদভী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক

মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর মারকাযের সেমিনার হলে শায়খ ওয়াজেহ রশীদ নদভী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মারকাযুল লুগার পরিচালক মুহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন শায়খ রশীদ রহ.-এর স্নেহধন্য ছাত্র মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী। তিনি মরহুমের জীবন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করেন।

তিনি বলেন, শায়খ রহ. অনেক বিনয়ী এবং স্বল্পভাষী ছিলেন। কথা নয় বরং কাজকে পছন্দ করতেন। সময়ের ব্যাপারে তিনি এতটা গুরুত্বশীল ছিলেন যে, তাকে দেখেই সময় নির্ধারণ করা যেত।

এ সময় মুনীর নদভী শায়েখের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন।

শায়খ রশীদ নদভী রহ.-এর জীবনী ও তার সাহিত্যকর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মুহিউদ্দীন ফারুকী। অনুষ্ঠানে আরও আলোচনা করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহতারাম আবু সাহল মুহাম্মদ হারুনুর রশীদ। শায়খ রহ.-এর একটি কিতাবের পাঠপর্ব পরিচালনা করেন মারকাযুল লুগার শিক্ষক মাওলানা আব্দুর রহমান। আরও আলোচনা করেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মুহতারাম লুতফে রাব্বি আফনান এবং মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর আরবি ভাষা বিভাগের শিক্ষক মাওলানা আব্দুর রব কবির।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জামেয়াতুল আবরারের আরবি বিভাগের মুশরীফ মাওলানা মুঈনুদ্দীন ইবাদুল্লাহ, জামেয়াতুল উসতাজ শহীদুল্লাহ ফজলুল বারীর প্রধান মাওলানা শফিকুল ইসলাম এমদাদী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মারকাযু শাইখিল ইসলামের সহযোগী পরিচালক মাওলানা আব্দুল আলীম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হাফজ আরিফসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্রীবৃন্দ।

শায়খ রশীদ রহ.-এর জন্য দুআর মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

এইচআর/

আগের সংবাদনারায়ণগঞ্জের ফতুল্লায় মবিল কারখানায় আগুন
পরবর্তি সংবাদকেবল ‘আত্মহত্যায় প্ররোচনার দায়ে’ গ্রেপ্তার ডা. আকাশের স্ত্রী, পরকীয়া কি অপরাধ নয়?