মুসল্লিদের বিক্ষোভ, সৌদি যুবরাজকে ঢুকতে দেয়া হবে না ইসলামাবাদে

ফাতেহ ডেস্ক

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের পাকিস্তান সফর নিয়ে খোদ ইসলামাবাদেই বিক্ষোভ করেছে দেশটির অধিবাসীরা।

গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ করেন। এ সময় তারা যুবরাজকে পাকিস্তানে ঢুকতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, আগামীকাল দুই দিনের সফরে পাকিস্তান আসার কথা রয়েছে মুহাম্মাদ বিন সালমানের। ২০১৭ সালে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে নিয়োগ পাওয়ার পর যুবরাজ মোহাম্মদের জন্য এটাই প্রথম সরকারি বিদেশ সফর।

যুবরাজ সালমানের পাকিস্তান সফরের বিরোধিতা করে দেশটির বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মী এবং রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা বলেন, ইয়েমেনসহ বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ হত্যার পেছনে সালমানের হাত রয়েছে। সে একজন মানুষ হত্যাকারী।

নরঘাতক মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব হতে পারে না বলেও বক্তব্য দেন বিক্ষোভকারীরা।

এদিকে একই দাবীতে গত রোববারও রাজধানী ইসলামাবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বহু মানুষ জড়ো হয়। বিক্ষোভকারীদের এই প্রতিবাদকে আমলে নিয়ে ইতোমধ্যেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুটি শহর মিলিয়ে এক হাজারেরও বেশি চেকপয়েন্ট স্থাপন করেছে পুলিশ।

আগামীকাল যুবরাজকে নিয়ে তার ব্যক্তিগত বিমান রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটিতে অবতরণ করবে। সেখানে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে স্বাগত জানাবেন।

যুবরাজের দুই দিনের এই সফরে পাকিস্তানের সাথে কয়েক শ’ কোটি মার্কিন ডলারের সৌদি বিনিয়োগ নিয়ে চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।

আগের সংবাদইজতেমা ময়দানে রান্না করা গরম তরকারি ও ডাল পড়ে পাঁচ মুসল্লি আহত
পরবর্তি সংবাদবায়তুল মোকাররমে কবি আল মাহমুদের জানাজা, সমাহিত হবেন নিজের গ্রামের বাড়িতে