সিঁড়ি দিয়ে নামতে পারেননি অন্তঃসত্ত্বা স্ত্রী, তাই নামেননি স্বামীও

ফাতেহ ডেস্ক

আগুনের উত্তাপ গায়ে লাগার পরও ভারী শরীর নিয়ে নিচে নেমে আসা সম্ভব ছিলো না রিয়ার পক্ষে। প্রিয়তম স্ত্রীকে রেখে নিচে নামতে রাজি হননি স্বামী রিফাতও। ফলাফল, গর্ভের সন্তানসহ দু’জনেই আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন।

এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের সময়। রিফাত-রিয়া যে বিল্ডিংয়ে থাকতেন সেই ওয়াহিদ ম্যানশনের সামনেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

মরদেহের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করতে থাকা রিফাতের আত্মীয়-স্বজনদের কাছ থেকে এই ঘটনার খোঁজ পাওয়া যায়।

রিফাতের বন্ধু আল-আকসার সাজিদ জানান, রিয়া ও রিফাত দুই বছর আগে বিয়ে করেন। আর কিছুদিন পরেই তাদের ঘরে সন্তান আসতো।

সাজিদ বলেন, আগুন লাগার পরও রিফাতের সাথে কথা হয়েছে। স্ত্রীকে নিয়ে নিচে নামতে পারছিলো না বলে সেও নিচে নামছিলো না। এখনও তাদের লাশ শনাক্ত করতে পারিনি। ছবি-তথ্য নিয়ে এখন আমরা হাসপাতালে এসেছি।

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আগের সংবাদআন্তর্জাতিক গণমাধ্যমে চকবাজারের আগুন
পরবর্তি সংবাদঅগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি