যেভাবে মুক্তি পাচ্ছেন পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান সৈন্যদের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে মুক্তি দেয়ার ঘোষণা গতকালই দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যায় তাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে।

অভিনন্দনকে ফেরত আনতে ভারতীয় বিমানবাহিনী বিমান পাঠাতে চেয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রস্তাব খারিজ করে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে যে, ওয়াগা সীমান্ত দিয়ে সড়ক পথে ফেরানো হবে অভিনন্দনকে।

উইং কমান্ডার অভিনন্দনকে ভারতে ফিরিয়ে আনার রাস্তা ছিল দুটি। তার মধ্যে একটি ওয়াগা আর অন্যটি আকাশপথ। ভারত চায়নি ওয়াগা দিয়ে ফিরুক অভিনন্দন। ভিড় এবং সংবাদ মাধ্যমকে এড়িয়ে আকাশপথে তাঁকে ফেরাতে চেয়েছিল ভারত। সেই প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তান।

এদিকে অভিনন্দনকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে তাকে লাহোরে নেয়া হচ্ছে। ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াগাহ-আতারি সীমান্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাকে মুক্তি দেয়া হবে।

ইতিমধ্যে ভারতের সীমান্ত এলাকায় অভিনন্দনকে বরণ করে নিতে উৎসবের ফোয়ারা শুরু হয়ে গেছে। ভারতের তিন বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই আনন্দ উৎসবে।

নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যায় ওয়াগা সীমান্তে পাইলট অভিনন্দনকে গ্রহণ করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা।

ছেলেকে গ্রহণ করতে বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন অভিনন্দনের বাবা-মা। অভিনন্দনের বাবা ভারতের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল। দিল্লি থেকে দুপুরে ওয়াগা সীমান্তে পৌছান তারা।

ছেলে মুক্তি পাবে এই সংবাদে বৃহস্পতিবারই বাবা-মা চেন্নাই থেকে দিল্লি রওনা হন। বিমানে যাত্রীরা এদিন উঠে দাঁড়িয়ে হাততালি শুভেচ্ছা জানান অভিনন্দনের বাবা-মাকে। তাঁদের বিমানটি রাত ১টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।

এইচআর/

আগের সংবাদ‘সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস রাশিয়ার
পরবর্তি সংবাদভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেয়ার পেছনের রহস্য কী?